আত্মরক্ষায় মার্শাল আর্টে ঝুঁকছে মেয়েরা
দেশের মার্শাল আর্ট ফেডারেশনগুলোতে বাড়ছে মেয়েদের সংখ্যা। নারী নির্যাতন
ও ধর্ষণের ঘটনা বেড়ে যাওয়ায়, আত্মরক্ষার কৌশল শেখার তাড়না থেকেই মার্শাল
আর্ট শিখছেন তারা। উল্লেখযোগ্য সংখ্যক হারে নতুন নারী শিক্ষার্থী আসছে বলে
জানিয়েছে তায়কোয়ান্দো ফেডারেশন। এদিকে, উৎসাহ বাড়াতে বিনা খরচে প্রশিক্ষণের
ব্যবস্থা করা হয়েছে। বাংলাদেশে আশির দশক থেকেই মার্শাল আর্ট জনপ্রিয়তা
পায়। কারাতে, জুডোর পর ১৯৯৭ সালে তায়কোয়ান্দো ফেডারেশন প্রতিষ্ঠিত হলে
মানুষ নতুন এক মার্শাল আর্ট ফর্মের সঙ্গে পরিচিত হয়।
জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে তায়কোয়ান্দোর আশানুরূপ সাফল্য না থাকলেও,
সম্প্রতি দেশব্যাপী বেশকিছু চাঞ্চল্যকর ঘটনাই মেয়েদের আত্মরক্ষার কৌশল
শেখার ব্যাপারে আগ্রহী করে তুলেছে। আর এর কারণে দিনদিন ফেডারেশনে বাড়ছে
নারী শিক্ষার্থীর সংখ্যা।তায়কোয়ান্দো খেলোয়াড় নুরুদ্দীন হোসেন
বলেন, মেয়েদের সংখ্যা দিনদিন বাড়ছে। ফেডারেশনে ভর্তি হবার জন্য প্রতিদিন
১৫০টিরও বেশী মেয়েদের ফোন আসে আমাদের কাছে। আশা করি এই সংখ্যা আরো বাড়বে।
আর আমরাও চাই মেয়েরা আত্মরক্ষার কৌশলটি রপ্ত করুক।
বর্তমানে মেয়েদের নিরাপত্তার কথা চিন্তা করে ও তায়কোয়ান্দো শেখার ব্যাপারে উৎসাহ দিতে, সব ধরনের সহযোগিতা করবেন বলে জানান তায়কোয়ান্দো ফেডারেশনের সাধারণ সম্পাদক।বাংলাদেশ তায়কোয়ান্দো ফেডারেশনের সাধারণ সম্পাদক মাহমুদুল ইসলাম রানা বলেন, আমরা মেয়েদের ফ্রিতে তায়কোয়ান্দো শেখার ব্যবস্থা করে দিচ্ছি। যারা আর্থিকভাবে স্বচ্ছল তাদেরকে বিশেষ সুবিধা দিচ্ছি। মেয়েদেরকে নারী প্রশিক্ষক দিয়ে তায়কোয়ান্দো শেখানোর ব্যবস্থাও করছি আমরা।
বর্তমানে সারা দেশের প্রায় ৬০ থেকে ৭০টি স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে মেয়েদের তায়কোয়ান্দো শেখার ব্যবস্থা করেছে ফেডারেশন।




No comments